যুদ্ধ বন্ধে ট্রাম্প ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব পুতিনের
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী নভেম্বর মাসে চীনে এই বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি। বৈঠকে এখনো সম্মতি দেননি ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রবিবার (১৮অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে পুতিন এই প্রস্তাব দেন। ওই ফোনালাপেই দুই দেশের মধ্যে রাশিয়ার ডিজেল কেনার একটি চুক্তি হয়।
ট্রাম্প ও পুতিনের সম্পর্ক উষ্ণ হওয়ার প্রেক্ষাপটে এই প্রস্তাব সামনে এসেছে। সম্প্রতি ট্রাম্প রাশিয়ার ডিজেল কেনার চুক্তির কথা জানান।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) আসন্ন সম্মেলনের ফাঁকে ৩ নেতার বৈঠক আয়োজনের কথা ভাবছে ক্রেমলিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে বৈঠকটি আদৌ হবে কি-না বা এর আলোচ্য সূচি কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তিন পক্ষই এমন বৈঠকের সম্ভাবনা স্বীকার করেছে।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ট্রাম্প এখনো এ ধরনের বৈঠকে সম্মতি দেননি। তবে প্রস্তাবটির প্রতি তিনি আগ্রহী হতে পারেন।
তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
/সোহেল/
