Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দিলজীত দোসাঞ্ঝের অনুষ্ঠান ঘিরে ২০০০ নিরাপত্তারক্ষী, ৭০০ মিটারের মধ্যে চলবে না গাড়ি!

দিলজীত দোসাঞ্ঝের অনুষ্ঠান ঘিরে ২০০০ নিরাপত্তারক্ষী, ৭০০ মিটারের মধ্যে চলবে না গাড়ি!

দিল্লিতে দিলজীত দোসাঞ্ঝের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে হওয়ার কথা গায়কের অনুষ্ঠান। এই অনুষ্ঠান দিয়েই ভারতে শুরু হবে তাঁর ‘অরা’ সফর। প্রথমে দিল্লির অনুষ্ঠানে পুলিশের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কিন্তু পরে সেই অনুমতি মিলেছে। তবে অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করছে প্রশাসন। জানা যাচ্ছে, অনুষ্ঠানের আয়োজকদের আরও বেশি সংখ্যক বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করতে বলেছে পুলিশ। দর্শকদের প্রবেশ ও বেরোনোর পথের সংখ্যাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিপুল ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান। তাই নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা নতুন করে সাজানো হচ্ছে। প্রথমে ৪০০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করার পরিকল্পনা ছিল। কিন্তু অনুষ্ঠান ও দিলজীতের জনপ্রিয়তা বিবেচনা করে সেই সংখ্যা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন আধিকারিকেরা। তাঁদের মতে, ভিড় সামলাতে ১৫০০ থেকে ২০০০ জন নিরাপত্তারক্ষীর প্রয়োজন হতে পারে। আয়োজকদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। স্টেডিয়ামের চারপাশে ৫০০ থেকে ৭০০ মিটার এলাকার মধ্যে গাড়ি চলাচলে বিধিনিষেধ জারি করার কথা ভাবছে প্রশাসন। নির্দিষ্ট কিছু এলাকায় কেবল শিল্পীদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ৫৫ হাজার দর্শক অনুষ্ঠান দেখতে পারেন। সেই বিপুল ভিড়ের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা। অনুষ্ঠানে দিলজীত যাতে দর্শকদের আরও কাছে পৌঁছোতে পারেন, তাই মঞ্চের সামনের চলার পথ অর্থাৎ র‌্যাম্পটির দৈর্ঘ্য বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। এর তবে এই প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য দিকে, ওই অনুষ্ঠান ঘিরে হুমকির খবরও উঠে আসছে। দিল্লি পুলিশ টিকিট বিক্রির সংস্থাকে হুমকির বিষয়ে সতর্ক করেছে। কারণ, কয়েক দিন আগে মুম্বইয়ে দিলজিতের আসন্ন অনুষ্ঠান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ে তাঁর অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানকে লক্ষ্য করে একটি হুমকি ই-মেল এসেছে মুম্বইয়ের মেয়রের কাছে। অমিতাভ বচ্চনের বাড়ি জলসা এবং দিলজীতের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় আততায়ীরা। এ সব কারণেই দিল্লির অনুষ্ঠান নিয়েও নিরাপত্তাজনিত কোনও শিথিলতা যাতে না থাকে, তা নিশ্চিত করতে চায় দিল্লি পুলিশ। চলতি বছরের বেশির ভাগ সময় ইউরোপ ও আমেরিকায় ‘অরা’ সফর নিয়ে ব্যস্ত ছিলেন দিলজিৎ। এ বার দেশের দর্শকদের সামনে সেই অনুষ্ঠান তুলে ধরবেন তিনি। তবে দিল্লির অনুষ্ঠানের আগে নিরাপত্তা নিয়ে যে তৎপরতা শুরু হয়েছে, তাতে অনুরাগীদের একাংশের অনুমান, অনুষ্ঠানটি পিছতে পারে। /কেআর/

Advertisement
Advertisement