তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে শক্তিশালী স্কোয়াড গড়লো ওয়ালটন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ডি-থ্রি টুর্নামেন্টে জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটারকে নিজেদের স্কোয়াডে ভিড়িয়েছে ওয়ালটন। ইতোমধ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেয় মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি দল এবং ২৬৯ জন ক্রিকেটার। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানায়, জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি তাসকিন আহমেদ, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম ও রনি তালুকদারকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা। অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকেও দলে রাখা হয়েছে। নিলামে পেসার তাসকিন আহমেদকে পেতে ২ কোটি ১০ লাখ পয়েন্ট খরচ করে ওয়ালটন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস ১ কোটি ৫৫ লাখ এবং ব্যাটার মুমিনুল হক ৮০ লাখ পয়েন্টে দলটিতে জায়গা পান। অন্যদিকে স্পিনার নাসুম আহমেদকে ৬৯ লাখ, আরিফুল ইসলামকে ৬২ লাখ, মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ এবং রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টে ওয়ালটনের কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। দল গঠন নিয়ে কোচ আবদুর রাজ্জাক জানান, নিলামের কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পেয়েছে। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে। নিলামে উপস্থিত থাকা ওয়ালটনের প্রতিনিধি ও চিত্রনায়ক আমিন খান বলেন, সবারই প্রত্যাশা থাকে তার টিম জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিম অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতবো। //আইই//