Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জলবায়ু ও স্বাস্থ্যঝুঁকিতে দেশে বছরে ক্ষতি ২০.৭ বিলিয়ন ডলার

জলবায়ু ও স্বাস্থ্যঝুঁকিতে দেশে বছরে ক্ষতি ২০.৭ বিলিয়ন ডলার

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকির কারণে বছরে প্রায় ২০ দশমিক ৭ বিলিয়ন বা ২ হাজার ৭০ কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে। কাজের ক্ষমতা হ্রাস, অকালমৃত্যু ও বিভিন্ন রোগের চিকিৎসার খরচ হিসাব করে এই ক্ষতির কথা জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা নলেজ হাব ইনস্টিটিউট (কেএইচআই)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ুজনিত কারণে প্রতি বছর স্বাস্থ্যখাতে যতো অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তা ২০২৪ সালের দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৬ শতাংশের সমান। ২০০০-এর দশকের তুলনায় চলতি দশকে দেশের আটটি বিভাগীয় শহরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার দিনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এতে হৃদযন্ত্র ও কিডনির ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে । চিকিৎসার ব্যয় বৃদ্ধির পাশাপাশি মানুষের আয়ও কমে যাচ্ছে। গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে কেএইচআই-এর সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, কেবল তাপমাত্রা বৃদ্ধির কারণেই বছরে ১০০ কোটি থেকে ৩৩০ কোটি ডলারের সরাসরি ক্ষতি হচ্ছে। তিনি বলেন, "শুধু ২০২৪ সালেই অতিরিক্ত তাপের কারণে বাংলাদেশে প্রায় ২ হাজার ৯৩০ কোটি সম্ভাব্য কর্মঘণ্টা নষ্ট হয়েছে। এতে অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি ডলার।" এই হারানো কর্মঘণ্টার প্রায় দুই-তৃতীয়াংশই কৃষক ও কৃষিশ্রমিকদের, যারা সরাসরি শারীরিক পরিশ্রমের ওপর নির্ভরশীল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বলেন, "জলবায়ু পরিবর্তন বিভিন্নভাবে এবং পরস্পর সম্পর্কিত প্রক্রিয়ায় জনস্বাস্থ্যকে প্রভাবিত করছে। বাংলাদেশে তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।" এ সমস্যা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর ও অন্যান্য সংস্থার যৌথ সমন্বয়ে কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার জোর তাগিদ দেন তিনি। //আইই//

Advertisement
Advertisement