বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা
আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। আয়ারল্যান্ডের রায়ানএয়ার বিমানসংস্থার কর্মীদের বিরুদ্ধে তাঁর ও তাঁর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার এবং হুমকির অভিযোগ তুলেছেন ৪৮ বছর বয়সি এই সাবেক ক্রিকেটার। এক্স মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান সাঙ্গাকারা। তিনি জানান, ডাবলিনে রায়ানএয়ার সংস্থার কর্মীদের মাধ্যমে তিনি ও তাঁর পরিবার হেনস্তার মুখে পড়েছেন। তবে ঠিক কী কারণে বিমানসংস্থার কর্মীরা তাদের সঙ্গে এমন আচরণ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ডাবলিন বিমানবন্দর কিংবা রায়ানএয়ার বিমানসংস্থা- কোনো পক্ষই এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু বলেনি। শ্রীলংকার জার্সিতে ১৩৪টি টেস্ট, ৪০৪টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাঙ্গাকারা। টেস্ট ক্রিকেটে ৩৮টি সেঞ্চুরি ও ৫২টি ফিফটিতে ১২ হাজার ৪০০ রান করেছেন তিনি। এছাড়া ওয়ানডে ফরম্যাটে ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি ফিফটির সাহায্যে তাঁর সংগ্রহ ১৪ হাজার ২৩৪ রান। ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার রানার্সআপ দলের সদস্য ছিলেন এই লংকান তারকা। খেলোয়াড়ি জীবন শেষে আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। //আইই//
