২৫ বছর পর ইংল্যান্ডের ফুটবলে ব্যালন ডি’অর, কেন আলাদা হ্যারি কেইনের জয়?
দীর্ঘ অপেক্ষার অবসান। ২৫ বছর পর আবার ইংল্যান্ডের কোনো ফুটবলারের হাতে উঠেছে ব্যালন ডি’অর। ২০২৬ সালের এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। তাঁর এই জয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, ইংলিশ ফুটবলের সাম্প্রতিক সাফল্যেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
৩৩ বছর বয়সী কেইন ২০২৫-২০২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৩টি গোল করেছেন। বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখতে সাহায্য করার পাশাপাশি জিতেছেন ঘরোয়া ট্রেবল। জার্মান লিগে টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১৪ গোল।
কেইনের সামনে প্রতিদ্বন্দ্বিতা ছিলো কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালের মতো তারকাদের। শেষ পর্যন্ত তাঁদের পেছনে ফেলে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক।
১৯৫৬ সালে চালু হওয়া ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউস। এরপর ইংলিশ ফুটবলার হিসেবে সর্বশেষ ২০০১ সালে পুরস্কারটি জিতেছিলেন মাইকেল ওয়েন। দীর্ঘ ২৫ বছর পর কেইনের হাত ধরে আবারও এই স্বীকৃতি পেলো ইংল্যান্ড।
কেইনের এই অর্জন তাঁর ক্যারিয়ারের দীর্ঘ পথচলারও স্বীকৃতি। টটেনহ্যাম হটস্পারে একের পর এক গোল করেও বড় কোনো দলীয় শিরোপা না জেতার আক্ষেপ ছিলো তাঁর। বায়ার্নে যোগ দেওয়ার পর সেই অপেক্ষার অবসান ঘটেছে। এবার ব্যক্তিগত সাফল্যের শীর্ষেও পৌঁছালেন তিনি।
//আইই//
