মিরপুর টেস্ট: শতকের অপেক্ষায় সাদমান, দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২০৭
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা মিশ্র হলেও দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেটে ২০৭ রান তুলেছে স্বাগতিকেরা। ক্যারিয়ারের তৃতীয় শতক থেকে মাত্র ১ রান দূরে থেকে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ওপেনার সাদমান ইসলাম।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচের শুরুতেই অনুশীলনের চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাঁর বদলে সুযোগ পান তাওহিদ হৃদয়। ব্যাটিংয়ে নেমে ইনিংসের সপ্তম ওভারে তানজিদ হাসান তামিম ক্যাচ দিয়ে বিদায় নিলে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকেরা। সেই চাপ সামাল দিয়ে সাদমান ইসলাম ও মুমিনুল হক মিলে গড়ে তোলেন ৫৯ রানের জুটি। মুমিনুল ২৮ রান করে জোমেল ওয়ারিকানের বলে আউট হলেন।
পরের সেশনে টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি পূরণ করেন বাঁহাতি ওপেনার সাদমান। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রান করে এলবিডব্লিউ'র ফাঁদে পড়লে ১১০ রানে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে তাওহিদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেন সাদমান। দু'জন মিলে গড়ে তোলেন ৮৮ রানের কার্যকর এক জুটি। চমৎকার খেলতে থাকা হৃদয় ৪২ রান করার পর পায়ের পেশির চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন।
হৃদয় মাঠ ছাড়ার পর নতুন ব্যাটার লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দিকে এগোতে থাকেন সাদমান। দিনের শেষভাগে আলো কমে যাওয়ায় দুই দফায় খেলা বন্ধ রাখা হয়। শেষ পর্যন্ত ৭৪ ওভারের পর আর খেলা সম্ভব হয়নি। প্রথম দিন শেষে সাদমান ৯৯ ও লিটন দাস ১০ রানে অপরাজিত।
//আইই//
