অন্য দায়িত্ব দিলেও সাদরে গ্রহণ করবো: আশরাফুল
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর নিজের অবস্থান জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অন্য কোনো দায়িত্ব দিলে তা সাদরে গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের ব্যাটিং কোচের পদে না থাকাকে নিজের ক্যারিয়ারের পতন হিসেবেও দেখছেন না এই সাবেক ক্রিকেটার।
রবিবার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও দায়িত্ব পরিবর্তন নিয়ে কথা বলেন আশরাফুল।
তিনি জানান, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর তাঁকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে না থাকার বিষয়টি জানানো হয়। বিসিবি'র সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রয়েছে। এই সময়ের মধ্যে বোর্ড অন্য কোনো দায়িত্ব দিলে তা পালন করতে প্রস্তুত তিনি।
আশরাফুল বলেন, জাতীয় দলের ব্যাটিং কোচের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। বড় পরিসরে তাঁর কোচিং ক্যারিয়ার এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই বয়সভিত্তিক দল কিংবা হাই পারফরম্যান্স ইউনিটে কাজের সুযোগ পেলেও তিনি আগ্রহের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
জাতীয় দলের ব্যাটিং কোচের পদ হারানোকে অন্যায় মনে করছেন কি না, এমন প্রশ্নের জবাবে আশরাফুল জানান, বিষয়টি তিনি অন্যায় হিসেবে দেখছেন না। তাঁর চুক্তির শর্ত অনুযায়ী, বিসিবি প্রয়োজন মনে করলে তাঁকে অন্য দায়িত্বেও নিয়োজিত করতে পারে।
দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সাবেক এই অধিনায়ক বলেন, নিজের অভিজ্ঞতা ও জ্ঞান নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চান তিনি। কোচিং ক্যারিয়ারকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যও রয়েছে তাঁর।
এর আগে শনিবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবি'র হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর মাত্র কয়েক দিন আগে তাঁর দায়িত্বে এই পরিবর্তন আনা হলো। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর, মিরপুরে।
//আইই//
