‘খুনি নই, প্রেমিক’, কেন বললেন শাহরুখ?
বন্দুক হাতে, ঠোঁটে গোলাপ। খোলা শার্ট আর রাফ অ্যান্ড টাফ অবতারে হাজির বলিউড বাদশা শাহরুখ খান। আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির নতুন লুক প্রকাশ করেন শাহরুখ। পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ।’ বাংলায় যার অর্থ, ‘আজ আবার মনে পড়ে গেল, আমি খুনি নই, প্রেমিক।’
৬০ বছর বয়সী শাহরুখের পেটানো শরীর ও অ্যাকশনধর্মী এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। ভক্তদের পাশাপাশি তারকারাও তার নতুন অবতারে মুগ্ধতা প্রকাশ করছেন। ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর পরিচিত মুখ শালিনী পাসিও পোস্টারটির প্রশংসা করেছেন।
২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো সিনেমা দিয়ে বক্স অফিসে সাফল্য পেয়েছিলেন শাহরুখ। এবার ‘কিং’-এও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে তাকে। রোমান্টিক নায়ক হিসেবে দীর্ঘদিনের পরিচিতি থাকলেও সাম্প্রতিক সময়ে অ্যাকশন অবতারেও দর্শকের প্রশংসা পেয়েছেন এই অভিনেতা।
প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ঘিরে আগে থেকেই দর্শকের আগ্রহ রয়েছে। প্রযোজনা সংস্থার ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর।
নতুন পোস্টারে শাহরুখের ভিন্নধর্মী উপস্থিতি সিনেমাটি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়েছে। এখন বড় পর্দায় তাঁর এই নতুন অবতার দেখার অপেক্ষায় ভক্তরা।
/শান্ত/
