ত্রুটি সারিয়ে জাপান ছাড়লো প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ
ছবি: সংগৃহীত
প্রায় ৪ ঘণ্টা বিলম্বের পর জাপানের টোকিওর নারিতা বিমানবন্দর ছেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা রয়েছেন।
রাত আনুমানিক ২টার দিকে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় টোকিও থেকে ঢাকাগামী ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যায়। তবে উড্ডয়নের আগেই সেটি থেমে যায়।
প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না। তিনি জানান, ২ প্রকৌশলী ত্রুটি মেরামতের কাজ করছেন। সমস্যা সমাধানের পর ফ্লাইটটি যাত্রা শুরু করবে বলেও জানান তিনি। পরে উড়োজাহাজটি ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।
জাপানে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিলো। নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা ছিলো।
/শান্ত/
