একটা বই লিখেই সারাজীবন চলে যেতে পারবো: ইলমা বেহরোজ
ছবি: সংগৃহীত
‘পদ্মজা’ উপন্যাসের ২০ হাজারের বেশি নকল কপি বিক্রি হয়েছে বলে দাবি করেছেন লেখক ইলমা বেহরোজ। সমালোচকদের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, একটি বই লিখেই সারাজীবন চলে যেতে পারবেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
পোস্টে ইলমা বলেন, ‘পদ্মজা’ একটিই। বইটির প্রচ্ছদ ও ভেতরের ইলাস্ট্রেশন বারবার পরিবর্তনের কারণ হিসেবে তিনি অনুমতি ছাড়া বই ছাপিয়ে বিক্রির অভিযোগ তোলেন। তার দাবি, অসাধু ব্যবসায়ীদের হাত থেকে বইটি রক্ষা করতেই এসব পরিবর্তন করা হচ্ছে। বইটির বিক্রি এখনো কমেনি।
লেখকের ভাষ্য, কিছু মানুষ তাকে উদ্দেশ করে বলেন, একটি বই লিখেই তিনি সারাজীবন কাটিয়ে দেবেন এবং আর লিখতে পারবেন না। এমন মন্তব্যে তাকে ছোট করা হচ্ছে না, বরং বড় করা হচ্ছে বলে মনে করেন ইলমা। তিনি বলেন, বইটি লেখার সময় তার বয়স ছিলো ১৬-১৭ বছর।
পোস্টে নিজের দৈনন্দিন অভ্যাস নিয়েও কথা বলেন ইলমা। মানসিক চাপ কমাতে নিয়মিত দৌড়ানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি সকালে প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া এবং শসা, লেবু, পুদিনাপাতা ও আদা মেশানো পানি পান করার কথা বলেন তিনি।
/শান্ত/
