এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। ২০২৭ সালের এপ্রিলে এই পুরস্কারের ৫২তম আসরে তাঁকে দেওয়া হবে সংস্থাটির মর্যাদাপূর্ণ ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।
বুধবার (২১ অক্টোবর) এই ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। যদিও এটি নিয়ে এখনও কিছু বলেননি অভিনেতা।
‘রিস্কি বিজনেস’ থেকে ‘টপ গান’ বিভিন্ন জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন টম ক্রুজ। দীর্ঘ অভিনয়জীবনে একের পর এক ব্যবসাসফল ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে দুর্ধর্ষ অ্যাকশন ও ঝুঁকিপূর্ণ স্টান্টের জন্য দর্শকদের কাছে তাঁর আলাদা পরিচিতি রয়েছে।
১৯৭৩ সাল থেকে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই সম্মাননা দিয়ে আসছে এএফআই। অলাভজনক এই প্রতিষ্ঠানটি চলচ্চিত্র সংরক্ষণ, প্রচার এবং শিল্পটির বিকাশে কাজ করে। এর আগে বেটি ডেভিস, জিন কেলি, এলিজাবেথ টেলর ও টম হ্যাঙ্কসের মতো কিংবদন্তি তারকারা পেয়েছেন এই সম্মাননা।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রযোজক ক্যাথলিন কেনেডি টম ক্রুজের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে বলেন, অভিনেতা ও প্রযোজক হিসেবে ক্রুজ নিজের প্রতিটি কাজে অসাধারণ অঙ্গীকারের পরিচয় দেন। সিনেমার প্রতি তাঁর গভীর বিশ্বাস এবং চলচ্চিত্র যে মানুষকে একত্র করতে পারে, সেই উপলব্ধিও বিশেষভাবে প্রশংসনীয়।
অভিনয়ের জন্য ৩ বার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। এছাড়া চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর তাঁকে সম্মানসূচক অস্কার দেওয়া হয়। তাঁর উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘আ ফিউ গুড মেন’, ‘রেইন ম্যান’ এবং ‘মিশন: ইম্পসিবল’ সিরিজ।
অ্যাকশন, থ্রিলার ও নাট্যধর্মী সিনেমায় অভিনয়ের মাধ্যমে কয়েক দশক ধরে হলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। যদিও ক্রুজের সর্বশেষ সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। বড় বাজেটের এই ডার্ক কমেডি সিনেমাটি অক্টোবরের উদ্বোধনী সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিস তালিকায় পঞ্চম স্থানে ছিলো।
/এমএএইচ/
