৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন অভিনেতা সুজাত শিমুল। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেতা।
সুজাত শিমুল জানান, দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে। তবে ডিসেম্বর মাসে সহকর্মী ও সতীর্থদের নিয়ে বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
নিজের ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসে আপনাদের (সহকর্মী-সতীর্থ) সবাইকে নিয়ে মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।
মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের সিদ্ধান্তের পেছনের ভাবনাও জানিয়েছেন সুজাত। তার ভাষায়, আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। অন্যদিকে, আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে ৯৯৯ নম্বরে ফোন করি; সেখান থেকেই ট্রিপল নাইন ধারণাটা আসে।
দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার পেছনে আরও একটি বার্তা দিতে চেয়েছেন অভিনেতা। তিনি বলেন, সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এতো লাখ টাকা, এতো লাখ টাকা—এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।
সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদসহ আরও অনেকে।
/এমএএইচ/
