থামলো সুরের সফর
সংগীতশিল্পী কৃষ্ণরাজ আর নেই
তামিল চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র প্লেব্যাক গায়ক কৃষ্ণরাজ রামস্বামী মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৭৫ বছর বয়সে মৃত্যু হয়েছে প্রবীণ এই গায়কের।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের ভালাসারাভাক্কম এলাকায় থাকতেন এই সংগীতশিল্পী। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তামিল বিনোদন জগতে ৩টি মৃত্যুর ঘটনায় শোক আরও গভীর হয়েছে। গত ১৭ অক্টোবর প্রয়াত হন সংগীত পরিচালক দেবা। তার দু’দিন পর ২০ অক্টোবর মৃত্যু হয় দেবার ভাইপো তথা অভিনেতা কার্তিক সাবেশের।
নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের গোড়ার দিক পর্যন্ত তামিল ছবির গানে দেবা ও কৃষ্ণরাজের জুটি বিশেষ পরিচিতি পেয়েছিলো। চারশোরও বেশি ছবিতে সংগীত পরিচালনা করা দেবা তাঁর বহু গানে কৃষ্ণরাজের কণ্ঠ ব্যবহার করেছেন। প্রাণবন্ত গায়কি, লোকসংগীতের স্বাদ এবং আবেগপূর্ণ পরিবেশনায় শ্রোতাদের কাছে আলাদা জায়গা তৈরি করেছিলেন কৃষ্ণরাজ। দেবার সুরে তাঁর গাওয়া গান তামিল সংগীতজগতের এক স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।
কৃষ্ণরাজের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। সমাজমাধ্যমে শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, কৃষ্ণরাজের মৃত্যু তামিল চলচ্চিত্র জগতের কাছে এক বিরাট ক্ষতি। স্বতন্ত্র কণ্ঠস্বর এবং প্রাণশক্তিতে ভরা গানের মাধ্যমে তিনি অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। প্রয়াত শিল্পীর পরিবার, বন্ধু, সহকর্মী এবং অনুরাগীদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
গায়িকা চিন্ময়ী শ্রীপদার প্রতিক্রিয়ায় ধরা পড়েছে গত কয়েক দিনের শোকের আবহ। তিনি লেখেন, হে ঈশ্বর! সপ্তাহটা সত্যিই খুব কঠিন।
গায়িকা সুজাতা মোহনের বার্তায় উঠে এসেছে কৃষ্ণরাজের সঙ্গে তাঁর সংগীতের সম্পর্ক। তিনি লেখেন, কৃষ্ণরাজ আর নেই, এই খবর শুনে ভেঙে পড়েছি। দেবা স্যারের চলে যাওয়ার পর এই ধাক্কা আরও কঠিন। কৃষ্ণরাজ ছিলেন দেবা স্যরের প্রিয় গায়ক, আমারও খুব পছন্দের শিল্পী। দেবা স্যারের সুরে আমার গাওয়া বহু গানের কাজেও তিনি তদারকি করেছেন। এতো তাড়াতাড়ি চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। শান্তিতে থেকো, প্রিয়। সংগীতমহলে কৃষ্ণরাজের প্রয়াণ তাই শুধু এক শিল্পীর বিদায় নয়, এক পরিচিত সুরেলা অধ্যায়ের অবসানও।
কৃষ্ণরাজের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে অন্যতম হলো ‘পোর্ক্কালাম’ সিনেমার ‘থাঞ্জাভুরু মান্নু এডুথু’ গান। দেবার সুর করা গানটি তামিল সিনেমার গণ্ডি অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো। এছাড়া সুরকার সির্পির সঙ্গেও ‘ভিন্নুক্কুম মান্নুক্কুম’ (২০০১) এবং ‘বান্দা পরমাসিবম’ (২০০৩)-এর মতো কয়েকটি সিনেমায় কাজ করেছেন কৃষ্ণরাজ।
/এমএএইচ/
