ম্যাজেন্টা বেনারসিতে সেমন্তী সৌমীর রাজকীয় সাজ
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন-সচেতন উপস্থিতি দিয়েও ভক্তদের নজর কাড়েন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমী। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী বাঙালি সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দেন তিনি। সম্প্রতি ম্যাজেন্টা-গোলাপি বেনারসি শাড়িতে তার সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানার চিরন্তন আবেদন।
সেমন্তীর পরনে ছিলো সোনালি জরির জমকালো কারুকাজ করা বেনারসি সিল্ক শাড়ি। ঐতিহ্যবাহী ব্রোকেডের নকশা ও চওড়া সোনালি পাড় শাড়িটিতে এনেছে রাজকীয় আবহ। এর সঙ্গে গোলাপি স্লিভলেস ব্লাউজের কিনারায় সোনালি সুতোর কাজ সাজে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।
গয়না বাছাইয়েও রঙের সামঞ্জস্য রেখেছেন অভিনেত্রী। গলায় পরেছেন চওড়া সোনালি চোকার নেকলেস, সঙ্গে মানানসই দুল। দুই হাতে গোলাপি ও সোনালি চুড়ির সমন্বয় এবং আঙুলের আংটি পুরো সাজকে করেছে আরও আকর্ষণীয়।
মেকআপে চোখের পাতায় গোলাপি ও বাদামি আইশ্যাডো, উইংড আইলাইনার ও মাসকারা ব্যবহার করেছেন সেমন্তী। গালে হালকা ব্লাশ, ঠোঁটে গোলাপি লিপস্টিক আর কপালে ছোট লাল টিপ তার সাজে এনেছে স্নিগ্ধতা।
চুল মাঝখানে সিঁথি করে পেছনে পরিপাটি খোঁপা করেছেন তিনি। খোঁপার চারপাশে সাদা ফুলের গজরা সাজে যোগ করেছে ঐতিহ্যবাহী আবহ। সামনের দিকে ছেড়ে দেওয়া কয়েক গোছা চুল পুরো লুককে করেছে আরও কোমল।
সেমন্তীর এই সাজে ঐতিহ্যবাহী বেনারসি, মানানসই গয়না ও আধুনিক মেকআপের সমন্বয় দেখা গেছে। বিয়েবাড়ি, গায়ে হলুদ কিংবা সন্ধ্যার জমকালো অনুষ্ঠানের সাজে তার এই লুক থেকে অনুপ্রেরণা নিতে পারেন ফ্যাশনপ্রেমীরা।
/শান্ত/
