যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান হারিয়েছে বাংলাদেশ। আগস্ট শেষে বাংলাদেশকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পোশাক সরবরাহকারী হিসেবে ভিয়েতনাম তার অবস্থান ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫৩৯ কোটি ৩৪ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি কমেছে ৪ দশমিক ৪৩ শতাংশ।
অন্যদিকে, একই সময়ে চীন যুক্তরাষ্ট্রে ৫৬৩ কোটি ৭ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে দেশটির রপ্তানিও গত বছরের তুলনায় ৩৯ দশমিক ৩৯ শতাংশ কমেছে।
চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে এগিয়ে ছিলো বাংলাদেশ। আগস্টের হিসাব যুক্ত হওয়ার পর চীন দ্বিতীয় অবস্থানে উঠে আসে।
প্রথম ৮ মাসে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিও কমেছে। এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজার ৯০৭ কোটি ৫৫ লাখ ডলারের পোশাক আমদানি করেছে দেশটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৪২ শতাংশ কম।
এই সময়ে ১ হাজার ৯৭ কোটি ৫৬ লাখ ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। দেশটির রপ্তানিও গত বছরের তুলনায় শূন্য দশমিক ৭৬ শতাংশ কমেছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। দেশের মোট পোশাক রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ আসে এই বাজার থেকে।
/শান্ত/
