সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে সাদ্দাম নামে এক ব্যক্তির অফিসের সামনে এই ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আলী আহমদ ও মায়ের নাম জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের সন্তান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে ২ জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
/এমএএইচ/
