যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারে সতর্ক করলো দূতাবাস
যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। বিশেষ করে বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় কী ধরনের কার্যক্রমে অংশ নেওয়া যাবে এবং কোন কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন, সে বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।
বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে দেশটিতে চাকরি বা অন্য কোনো কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হতে হলে সংশ্লিষ্ট কাজের উপযোগী ভিন্ন ক্যাটাগরির ভিসা নিতে হবে।
বার্তায় বলা হয়, ‘ভ্রমণের আগে নিয়মকানুন জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।’
ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার ওপরও গুরুত্ব দিয়েছে দূতাবাস। এই বিষয়ে বার্তায় বলা হয়, ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব ভিসাধারীর নিজের।
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় ব্যবসায়িক আলোচনা ও বৈঠকের মতো নির্দিষ্ট কার্যক্রমের অনুমতি থাকলেও সাধারণভাবে দেশটিতে চাকরি বা অনুমোদনহীন কর্মসংস্থানমূলক কাজ করা যায় না। এই ধরনের কাজের জন্য প্রযোজ্য ভিসা প্রয়োজন।
তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করার আগে ভিসার ধরন, অনুমোদিত কার্যক্রম ও সংশ্লিষ্ট শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।
/শান্ত/
