আদাবরে ভবন মালিকদের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক আটক
রাজধানীর আদাবরে সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে মো. নয়ন হোসেন নামে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত নয়ন হোসেন আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক।
বুধবার (২১ অক্টোবর) রাতে তাঁকে আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন।
তিনি জানান, আটককৃত ছাত্রদল নেতা নয়নের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ভবনমালিকের কাছে চাঁদা দাবি করেছিলেন। এসব অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় নিয়মিত মামলায় তাঁকে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এই বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ডিবি পুলিশ নয়নকে আটক করেছে বলে তিনি জেনেছেন। তাকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।
/এমএইচ/
