প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযান, তদন্ত করবে ডিএমপি
রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, এই বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে।
শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ফেসবুক পেজে অভিযানের ভিডিও প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তার সঙ্গে থাকা আরও কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা গেছে। আরেকটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়।
প্রকাশিত ভিডিওতে প্রতিমন্ত্রীকে কয়েকজনকে ধরতে নির্দেশ দিতে শোনা যায়। এই সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে এক তরুণকে লাথি মারতেও দেখা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল শিকদারের ভাষ্য, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী সেখানে গিয়েছিলেন। পুলিশকে জানানো হলেও তারা পৌঁছাতে দেরি করে।
/শান্ত/
