বালুবোঝাই ট্রাক উল্টে পড়লো প্রাইভেটকারের ওপর, অতঃপর...
ফরিদপুরে বালুবোঝাই একটি ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছে। এই ঘটনায় সুমি বেগম (৩২) নামে এক নারী ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তাঁর ৭ বছর বয়সী ছেলে শাওন।
সুমি বেগম ও তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। পরিবারের ৬ সদস্য মাগুরায় সুমি বেগমের বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাবার বাড়ি থেকে ঢাকায় ফেরার জন্য বাসের টিকিট না পেয়ে তাঁরা একটি ইজিবাইকে করে ফরিদপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।
ঘটনাস্থলে পৌঁছালে ফরিদপুরের দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও একটি প্রাইভেটকারের ওপর আছড়ে পড়ে। এতে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় ইজিবাইকে থাকা ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমি বেগম ও তাঁর ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। দুর্ঘটনায় ইজিবাইকের পাশাপাশি একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে নেয়ার পর মা ও ছেলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বালুর নিচে চাপা পড়া ইজিবাইকচালককে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ২৭ বছর। তাঁর নাম জানা যায়নি।
/এমএএইচ/
