সেন্টমার্টিনে জাহাজ চলাচল সূচিতে পরিবর্তন
সংগৃহীত ছবি
সরকারি সিদ্ধান্ত থাকলেও অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না। প্রয়োজনীয় ছাড়পত্র ও রুট পারমিট না পাওয়ায় নির্ধারিত দিনে এ যাত্রা শুরু করা যাচ্ছে না। জাহাজমালিকেরা জানিয়েছেন, আগামী ৫ বা ৬ নভেম্বর থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে ভ্রমণ ও রাতযাপনের সুযোগ রাখা হয়েছে। কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া জেটিঘাট থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে পর্যটকেরা যেতে পারবেন। নীতিমালায় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন বলে জানানো ছিলো।
সেন্টমার্টিনগামী জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, জাহাজ চলাচলের জন্য পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদফতরের অনুমোদন, বিআইডব্লিউটিএ'র রুট পারমিট ও জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। পাশাপাশি পর্যটকদের তথ্য সংগ্রহের সফটওয়্যারও প্রস্তুত হয়নি। ফলে নির্ধারিত সময়ে জাহাজ ছাড়ানো সম্ভব হচ্ছে না। তবে আগামী ৫ বা ৬ নভেম্বর থেকে সেবা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
নিরাপত্তা ও ফিটনেসের বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও জাহাজগুলোর ফিটনেস ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই অনুমতি দেওয়া হবে।
শনিবার জাহাজমালিকদের সাথে প্রশাসনের বৈঠকে জাহাজ চলাচলের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
//আইই//
