পাঁচ হলুদ কার্ডেও নিষেধাজ্ঞা নেই মেসির, কিভাবে?
ছবি: সংগৃহীত
পাঁচটি হলুদ কার্ড দেখেও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না লিওনেল মেসিকে। মেজর লিগ সকারের ‘গুড বিহেভিয়ার’ বা ভালো আচরণের নিয়মে কার্ডের হিসাব থেকে দুটি হলুদ কার্ড বাদ পড়ায় পরের ম্যাচেও খেলতে পারবেন ইন্টার মায়ামির অধিনায়ক।
সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষের স্যামুয়েল গুইদিকে ফাউল করায় তাকে কার্ড দেখান রেফারি। এর আগে কলোরাডো র্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন তারকা।
এমএলএসের নিয়ম অনুযায়ী, পাঁচটি হলুদ কার্ড জমলে সাধারণত এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। তবে টানা পাঁচ বা তার বেশি ম্যাচ কার্ড না দেখলে খেলোয়াড়ের হিসাব থেকে একটি হলুদ কার্ড বাদ দেওয়া হয়। এই সুবিধা এক মৌসুমে সর্বোচ্চ তিনবার পাওয়া যায়। মেসি ইতিমধ্যে দুবার এই সুবিধা পেয়েছেন।
অরল্যান্ডো সিটির বিপক্ষে কার্ড দেখার পর ন্যাশভিলের বিপক্ষে পরবর্তী কার্ড দেখার আগ পর্যন্ত পাঁচটি ম্যাচ কার্ড ছাড়াই খেলেন তিনি। একইভাবে পরের কার্ড দেখার আগে টানা ১০ ম্যাচ মাঠে ছিলেন শৃঙ্খলাভঙ্গের কোনো কার্ড ছাড়াই। ফলে তার হিসাব থেকে বাদ পড়ে দুটি হলুদ কার্ড।
সিনসিনাটির বিপক্ষে কার্ড দেখার পরও তাই মেসির কার্যকর কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। ফলে নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না তিনি।
আগামী রবিবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে এমএলএসের নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে মাঠে নামতে পারবেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।
/শান্ত/
