পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫
পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহত ও আহতরা সোনাপাতিলা বিলে মাছ ধরছিলেন। বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে তাঁরা বিলের মাঝে একটি পলিথিনের তৈরি মাচাং ঘরে (চৌকিযুক্ত অস্থায়ী ছাউনি) আশ্রয় নেন। সেখানে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।
ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। চিকিৎসাধীনদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
/এমএএইচ/
