পুনের যৌনপল্লি থেকে ছয় বাংলাদেশি নারী উদ্ধার
সংগৃহীত ছবি
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের একটি যৌনপল্লিতে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। চাকরির প্রলোভন দেখিয়ে সীমান্ত পার করে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিলো বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ভোরের দিকে পুনের বুধওয়ার পেঠ এলাকার একটি যৌনপল্লিতে এই অভিযান চালানো হয়। পুনের ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। পাচারের শিকার ওই নারীদের জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে ফারাসখানা থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দু'জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে সক্ষম হলেও বাকি দু'জন পালিয়ে গেছেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া নারীদের প্রায় চার মাস আগে বাংলাদেশ থেকে পুনেতে আনা হয়েছিলো। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র বা পরিচয়পত্র ছিলো না। তারা আমাদের জানিয়েছেন, দালালেরা মুম্বাই ও ভারতের অন্যান্য শহরে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সীমান্ত পার করে নিয়ে আসে। পরে পুনেতে এনে যৌনপল্লিতে বিক্রি করে দেয়।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেও পুনে পুলিশ বুধওয়ার পেঠের একটি যৌনপল্লিতে অভিযান চালিয়েছিলো। সেসময়ও চার বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়েছিলো, যাদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এনে জোরপূর্বক আটকে রাখা হয়েছিলো।
//আইই//
