কাঁটা চামচে দেশি খাবার খাবেন যেভাবে
হাত দিয়ে ভাত মেখে মাছ, মাংস কিংবা ডাল খাওয়াই আমাদের চিরচেনা অভ্যাস। তাই কাঁটা চামচ হাতে নিয়ে দেশি খাবার খেতে বসলে অনেকেই অস্বস্তিতে পড়েন। ভাত ঠিকমতো ওঠে না, তরকারি ছড়িয়ে পড়ে, মাছের কাঁটা ছাড়াতেও ঝামেলা হয়। অথচ আনুষ্ঠানিক আয়োজন বা বিদেশি পরিবেশে অনেক সময় কাঁটা চামচ দিয়েই দেশি খাবার খেতে হয়। কিছু সহজ কৌশল জানা থাকলে কাজটি সহজ হয়ে উঠতে পারে।
কাঁটা চামচ ও চামচ ধরার নিয়ম
সাধারণত বাঁ হাতে কাঁটা চামচ এবং ডান হাতে ছুরি বা চামচ রাখা হয়। মাছ, মাংস, ডিম কিংবা সবজির মতো খাবার কাঁটা চামচ দিয়ে আটকে রেখে ডান হাতে থাকা ছুরি দিয়ে ছোট টুকরো করে নিতে পারেন। ভাত খাওয়ার সময় ডান হাতে চামচ ব্যবহার করাই সুবিধাজনক।
খাবার ছোট করে নিন
কাঁটা চামচ দিয়ে খাওয়ার ক্ষেত্রে খাবার ছোট টুকরো করে নেওয়া জরুরি। যে অংশ কাটতে চান, তার পেছনে কাঁটা চামচ দিয়ে চাপ দিন। এরপর ছুরি দিয়ে ধীরে ধীরে কেটে নিন। হাড়সহ মাংসের ক্ষেত্রে আগে হাড় থেকে মাংস আলাদা করে ছোট টুকরো করে খেতে পারেন।
প্লেটে অল্প করে তরকারি নিন
ভাতের সঙ্গে ডাল বা তরকারি নেওয়ার সময় একবারে বেশি ঢেলে দেবেন না। বাটি থেকে অল্প অল্প করে তরকারি নিয়ে ভাতের পাশে রাখুন। এরপর চামচ দিয়ে ভাত ও তরকারি একসঙ্গে তুলে খেতে পারবেন। বেশি ঝোল বা ডাল নিলে তা প্লেটে ছড়িয়ে পড়তে পারে।
ধীরে ও স্বাভাবিকভাবে খান
কাঁটা চামচ ব্যবহারে তাড়াহুড়া করবেন না। খাবার তুলতে বা কাটতে গিয়ে জোরাজুরি না করে ধীরে চেষ্টা করুন। প্লেটে কাটলারির অতিরিক্ত শব্দ করা কিংবা খাবার ছিটকে অন্যের গায়ে পড়ার মতো পরিস্থিতি এড়িয়ে চলুন। আনুষ্ঠানিক আয়োজনে সংযত আচরণ করাই ভালো।
খাওয়া শেষে কাটলারি রাখবেন যেভাবে
খাওয়া শেষ হলে কাঁটা চামচ ও চামচ প্লেটের ওপর পাশাপাশি বা সমান্তরালভাবে রাখুন। এতে পরিবেশক বুঝতে পারবেন যে আপনার খাওয়া শেষ হয়েছে।
কাঁটা চামচ দিয়ে দেশি খাবার খাওয়ার অভ্যাস না থাকলে শুরুতে অস্বস্তি হওয়া স্বাভাবিক। তবে সঠিকভাবে কাটলারি ধরা, খাবার ছোট করে নেওয়া এবং ধীরে খাওয়ার অভ্যাস করলে বিষয়টি অনেক সহজ হয়ে উঠবে।
/শান্ত/
