স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ চান নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা পদত্যাগ না করলে দেশজুড়ে মিছিল করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে নাহিদ ইসলাম এই দাবি জানান।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং মানুষের নিরাপত্তা দিতে না পারার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর সবচেয়ে বেশি বর্তায়। অন্যদিকে জ্বালানিমন্ত্রীও নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় নিয়ে দুজনকেই পদত্যাগ করতে হবে।
বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ বলেন, দেশে এক স্বৈরাচারের পতনের পর নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে। সরকার দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দখলদারত্ব ঠেকাতে ব্যর্থ।
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে নাহিদ অভিযোগ করেন, বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে অবৈধ করিডর দেওয়ার চেষ্টা চলছে। গঙ্গা চুক্তি ন্যায্যভাবে নবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেনও সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, কলকাতার তুলনায় বাংলাদেশে এলপিজির দাম অনেক বেশি। এই বিষয়ে জ্বালানিমন্ত্রীকে জবাব দিতে হবে।
/শান্ত/
