স্ত্রী গৌরীর হাত ধরে কপূর পরিবারে শামিল আমির খান
চলতি বছরের জুলাই মাসে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন আমির খান। দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে চুটিয়ে সংসার করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। গৌরীর সঙ্গে প্রথম করবা চৌথ পালন করলেন অভিনেতা। বৃহস্পতিবার, এই বিশেষ দিন উপলক্ষে অভিনেতা অনিল কপূরের বাড়িতে হাজির হয়েছিলেন জুটি।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে করবা চৌথ পালন করা হয়। স্বামীর দীর্ঘায়ু কামনায় অনেক স্ত্রী এই ব্রত পালন করেন। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে এর প্রচলন বেশি হলেও, বর্তমানে অন্যান্য স্থানেও নিষ্ঠা ভরে পালন করা হয় এই রীতি।
করবা চৌথ উপলক্ষে প্রতি বারের মতো এবারেও সেজে উঠেছে বলিউডও।উৎসবের নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন একাধিক বলিউড তারকা। শোনা যাচ্ছে, কপূর পরিবারে শামিল হয়ে সেখানেই করবা চৌথের রীতি পালন করেন আমির-গৌরী।
একে অপরের হাত ধরে, ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন তারকাদম্পতি। প্রকাশ্যে আসা ছবিতে দু’জনকে একসঙ্গে বেশ হাসিখুশি দেখাচ্ছে।
স্ত্রীর প্রতি আমিরের যত্নশীল আচরণও নজর কেড়েছে অনুরাগীদের। তবে শুধু তাঁদের রসায়ন নয়, আমিরের পোশাকও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এ দিন ছাপা নকশার ছোট কুর্তা এবং কালো হারিম প্যান্টে দেখা গিয়েছে অভিনেতাকে।
অন্য দিকে, গৌরীর পরনে ছিল বেনারসি শরারা স্যুট। হালকা মেকআপে সাবেকি সাজে ধরা দিয়েছেন তিনি। দু’জনের সাজেই ছিল উৎসবের ছোঁয়া।
৬১ বছর বয়সে তৃতীয় বিয়ে সারেন আমির। গৌরীর বয়স ৪৭ বছর। দু’জনের বয়সের ফারাক ১৪ বছর। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জুটিতে বিয়ের সারেন আমিরের বাড়িতেই।
১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিয়ে হয় আমিরের। ইরা ও জুনেইদ, তাঁদের দুই সন্তান। প্রায় ১৬ বছর একসঙ্গে কাটানোর পর, ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এই বিচ্ছেদের তিন বছর পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। বিয়ের ৬ বছর পর ২০১১ সালে সারোগেসি পদ্ধতিতে জন্ম হয় তাঁদের ছেলে আজাদের। কিন্তু সেই দাম্পত্যও টেকেনি। ২০২১ সালে, যৌথ বিবৃতি দিয়ে ১৫ বছরের দাম্পত্যে বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির-কিরণ। তবে ছাদ আলাদা হলেও বিচ্ছেদের পর, রিনা, কিরণ ও আমির ভাল বন্ধু এবং একসঙ্গে কাজও করছেন।
/কেআর/
