এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল
সংগৃহীত ছবি
দেশের সাড়ে ১২ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, দুই সচিব ও সব বোর্ডের চেয়ারম্যানরা।
উদ্বোধনের পর পরীক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েবসাইট এবং মুঠোফোনে এসএমএস-এর মাধ্যমে ফল জানতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটগুলোতে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে হবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। দেশজুড়ের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।
//আইই//
