খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তুষার নগরীর জিন্নাহপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলে করে যাওয়ার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তুষারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে পুলিশ তাঁর মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তুষার নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশের অন্যতম সহযোগী। তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহত তুষারের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এমএইচ/
