সাবেক এমপি মিতার ৬ দিনের রিমান্ড
রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ও তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মিতার ৬ দিন ও সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ ও অভিযোগের বিভিন্ন দিক যাচাই করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
/শান্ত/
