সিজেপি’র অভিজিৎ দীপকে, নেহা বোরা আটক
ভারতীয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতা অভিজিৎ দীপকেকে বাসা থেকে আটক করেছে পুলিশ এবং দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সভাপতি নেহা বোরাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই দুই নেতার ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিলো।
এনডিটিভি নেহা বোরাকে তুলে নেওয়ার কথা উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘নেহা বোরা টিম’ সন্ধ্যা ৬টার পর একটি ভিডিও প্রকাশ করেছে। এতে নেহাকে আটকের চেষ্টা করতে দেখা যায় পুলিশকে। ক্যাপশনে লেখা ছিল, মান্ডি হাউস থেকে নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ নেহাকে জোরপূর্বক আটকের চেষ্টা করে।
নেহাকে আটকের একটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। ক্যাপশনে লেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবির বিক্ষোভ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেহাকে আটক করেছে।
সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে তিরঙ্গা মার্চ বা জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছিলো সংগঠনটি। জমায়েত ঠেকাতে সকালেই সমাবেশস্থল সেন্ট্রাল পার্ক বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। এর আশপাশে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়।
দুপুরের পর দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি দল নোটিশ নিয়ে অভিজিৎ দীপকের বাসভবনে যায়। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, নোটিশে পুলিশ মূলত জননিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক রাখার কারণ দেখিয়ে কনট প্লেসের আশপাশে মিছিল, সমাবেশ করতে নিষেধ করেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিলেই কেবল নির্ধারিত স্থানে বিক্ষোভ করতে দেওয়া হবে।
দীপকেকে পুলিশ জানায়, কনট প্লেসে বর্তমানে ১৬৩ ধারা জারি আছে। এই আদেশ লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পরও দীপকে কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে।
/এমএএইচ/
