সৌদি বিমানবন্দরে ফের হামলা, নিহত ১
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলায় পাকিস্তানের এক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। রবিবার (১১ অক্টোবর) হামলার এই তথ্য জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।
সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হামলার সময় বিমানবন্দরের যাত্রীসেবায় ব্যবহৃত টার্মিনাল-৪-এ একটি অজ্ঞাত বস্তু আঘাত হানে। এরপর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি জোট জানিয়েছে, বিমানবন্দরের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ দিনের মধ্যে এটি চতুর্থ হামলা। এসব হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। এর আগের দিন শনিবারের হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, রবিবার সন্ধ্যায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর জানিয়েছে জিএসিএ। বিমানবন্দরটির ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা যাচাই চলছে। এ কাজে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
রিয়াদ ও দাম্মামের দুই বিমানবন্দরেই হামলার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।
/শান্ত/
