‘বাংলাদেশ বা নেপালের মতো নয়, ভারতে সরকার বদলাবে গণতান্ত্রিক পদ্ধতিতে’
বাংলাদেশ বা নেপালের মতো ভারতে মোদি সরকারের পতন ঘটাতে চান না বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
প্রকাশ রাজ বলেন, আমরা সরকারের পতন চাই। আমরা এই দেশে গণতান্ত্রিকভাবেই তাদের পতন ঘটাবো।
ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের পরিস্থিতির তুলনা টেনে প্রকাশ রাজ বলেন, আমরা নেপাল নই। এটা বাংলাদেশও নয়। আমাদের আম্বেদকর আছেন, আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোটের অধিকারও আছে।
দিল্লিতে প্রস্তাবিত ‘তিরঙ্গা মার্চ’-এর আগে ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় এই মন্তব্য করেন তিনি। শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের অভিযানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরা আটক হন।
আন্দোলনে বিদেশি অর্থায়ন রয়েছে এবং এর মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে- এমন অভিযোগের জবাবে প্রকাশ রাজ কর্তৃপক্ষের কাছে প্রমাণ দাবি করে বলেন, শুধু বললেই হবে না। প্রমাণ দেখাতে হবে।
ছাত্রনেতাদের আটকের সমালোচনা করে তিনি বলেন, তাঁদের মধ্যে ভয় স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রকাশ রাজ বলেন, আপনার হার ঘর তিরঙ্গার কী হলো? আপনিই তো প্রথম এমন উদ্যোগ শুরু করেছিলেন। এখন একটি শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার জন্য আপনিই ছাত্রদের গ্রেপ্তার করছেন কেন?
প্রকাশ রাজের দাবি, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন এবং তাঁদের হাতে কোনো অস্ত্র নেই।
/এমএইচ/
