দেশে তেলের দাম বাড়লো, কমলো বিশ্ববাজারে
দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে নতুন দামে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে।
একই দিনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ৯৮ দশমিক ৪৬ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, সৌদি আরবের তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রত্যাশা এবং মধ্যপ্রাচ্য থেকে তেলের প্রবাহ তুলনামূলক শক্তিশালী থাকায় দাম কমেছে। জেপি মরগানের হিসাবে, গত ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে গড়ে প্রতিদিন ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এখনো রয়েছে। সরবরাহে নতুন করে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বাড়তে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
এদিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মার্চ-আগস্ট সময়ে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
/শান্ত/
