পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের অংশীদারত্ব গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী
ছবি: পিএমও
বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশকের বন্ধুত্ব, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের অংশীদারত্ব গড়ে উঠেছে। উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও পারস্পরিক লাভজনক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ।
তিনি জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের উন্নয়নের পরবর্তী ধাপে অংশীদার হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দেশের নেতারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। জ্বালানি, আইসিটি, রেলপথ, অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সফরকালে গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক বিনিময় হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আলোচনার ফলাফল ও অভিন্ন অগ্রাধিকারগুলো যৌথ বিবৃতিতে তুলে ধরা হবে।
বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশকে প্রথম দিকেই স্বীকৃতি দেওয়া দেশগুলোর অন্যতম জাপান। তিন দশকের বেশি সময় ধরে দেশটি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
/শান্ত/
