কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডালিয়া আক্তার সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুমা দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। পাশাপাশি তিনি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। মেয়েদের বিয়ের পর থেকে ফ্ল্যাটটিতে একাই থাকতেন তিনি।
শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এমএএইচ/
