Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের স্নাতক ২০১৯-২০ ও স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাতে ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকার স্বামীর ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। তাঁর স্বামী নাজমুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ফারজানার ভাই আরিফুল ইসলাম বলেন, প্রায় ৩ বছর আগে একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে ফারজানা বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে নির্যাতন করা হতো। নাজমুল প্রথমে বেকার ছিলেন। পরে চাকরি পাওয়ার পর তাঁর অর্থের চাহিদা বাড়তে থাকে। একপর্যায়ে অর্থের জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতনও চলতে থাকে। তিনি আরও জানান, ঘটনার দিন সন্ধ্যায় ফারজানার সঙ্গে তাঁর কথা হয়েছিলো। তখন তাঁর কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। এরপর রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাঁকে কল করে ফারজানার মৃত্যুর খবর জানানো হয়। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পারিবারিক কলহ থেকে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এই ঘটনায় তাঁর স্বামীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ফতুল্লা থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা প্রক্রিয়াধীন। /এমএএইচ/

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ডালিয়া আক্তার সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুমা দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। পাশাপাশি তিনি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। মেয়েদের বিয়ের পর থেকে ফ্ল্যাটটিতে একাই থাকতেন তিনি। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। /এমএএইচ/