সৌদিগামী ১১৪ ফ্লাইট বিঘ্নিত, চাকরি হারানোর শঙ্কায় প্রবাসী শ্রমিকরা
সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে ঢাকার সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বেবিচকের হিসাব অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট-দুই ধরনের ফ্লাইট মিলিয়ে মোট ১১৪টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৭ হাজার ৭০১ যাত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট আবার চালুর পরিকল্পনা করা হচ্ছে। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়ার ১২টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৫০টি।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৫টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এসব ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৬৪।
পরিস্থিতি সম্পর্কে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নিরাপত্তাজনিত সংকট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা বজায় থাকতে পারে। যাত্রী নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে।
অনিশ্চয়তার কারণে সৌদি আরবগামী হাজার হাজার প্রবাসী শ্রমিক চাকরি হারানোর আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
সৌদি প্রবাসী শ্রমিক কামাল আহমেদ বলেন, ফ্লাইট বিঘ্নিত হওয়ায় আমি সৌদি আরব যেতে পারছি না। এতে আমি চাকরি হারানোর শঙ্কায় আছি।
/সোহেল রানা/
