১০ বিলিয়ন ডলার কমলো ওপেনএআই'র তহবিল সংগ্রহের লক্ষ্য
সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। এর প্রভাব পড়েছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই'র তহবিল সংগ্রহের পরিকল্পনায়। প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ তহবিল সংগ্রহের লক্ষ্য ১০ বিলিয়ন ডলার কমিয়ে ২০ বিলিয়ন ডলারে নামিয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই আগে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার মূল্যায়নে ৩০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিলো। নতুন পরিকল্পনায় প্রতিষ্ঠানটি ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার মূল্যায়নে ২০ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চাইছে।
তহবিল সংগ্রহের লক্ষ্য কমানোর পেছনে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে। কয়েকজন বিনিয়োগকারী আগের তুলনায় কম অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের পরও প্রথম দফায় ২০ বিলিয়ন ডলারের কম অর্থ সংগ্রহ হতে পারে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতনও এ পরিস্থিতির অন্যতম প্রেক্ষাপট। এআই প্রযুক্তি ও অবকাঠামো তৈরিতে বড় বড় প্রতিষ্ঠান বিপুল অর্থ ব্যয় করছে। কিন্তু এসব বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় আসবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। শুক্রবার প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ২ দশমিক ৯ শতাংশ কমেছে।
এদিকে এআই খাতের আরেক বড় প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সম্ভাব্য শেয়ারবাজারে প্রবেশের আগেই তহবিল সংগ্রহের কাজ শেষ করতে চাইছে ওপেনএআই। দুই প্রতিষ্ঠানেরই বড় বিনিয়োগকারীদের একটি অংশ অভিন্ন হওয়ায় অর্থ সংগ্রহে প্রতিযোগিতা তৈরি হয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রসমর্থিত প্রযুক্তি তহবিল এমজিএক্সসহ দেশটির বিনিয়োগকারীদের একটি জোট এই অর্থায়নে সবচেয়ে বড় অংশগ্রহণকারী হতে পারে। পাশাপাশি ফাউন্ডার্স ফান্ড, কোটু, সিকোইয়া ক্যাপিটাল ও আন্দ্রেসেন হোরোভিটজের মতো বিনিয়োগ প্রতিষ্ঠানও এতে অংশ নিতে পারে।
//আইই//
