১ জানুয়ারি চালু হচ্ছে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটির সংস্কারকাজ শেষ করে পুরোপুরি প্রস্তুত করা হবে। সেখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটির অবকাঠামো পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান। এর আগে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, স্বাস্থ্য সচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এবং গণপূর্ত বিভাগের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে আগামী ২ সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের যৌথ দল সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে নষ্ট ও চুরি যাওয়া সরঞ্জামের তালিকা তৈরির সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী এক-দুই দিনের মধ্যে কর্মকর্তাদের বসার জায়গা প্রস্তুত এবং সাব-স্টেশন চালুর ব্যবস্থা নিতে গণপূর্ত বিভাগকে বলা হয়েছে।
পরিদর্শন শেষে এম এ মুহিত বলেন, অবহেলায় পড়ে থাকা প্রতিষ্ঠানটিকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার জাতীয় প্রশিক্ষণকেন্দ্রে রূপ দেওয়া হবে।
এই সময় তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। এই ক্ষেত্রে দুর্নীতি ও অনাচার প্রতিহত করে জনসেবার রাজনীতি প্রতিষ্ঠার কথাও জানান তিনি।
/শান্ত/
