অনুশীলনের মাঠে লুটিয়ে পড়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি
অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবার রিজার্ভ দলের অনুশীলনের সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ক্লাবটি।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানায়, অনুশীলনের সময় পড়ে যাওয়ার পর কোম্পানির জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। বর্তমানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তার কোচিং স্টাফের অন্য সদস্যরা অনুশীলন ও ম্যাচের দায়িত্ব সামলাবেন।
গত কয়েক দিন ধরে ভাইরাস সংক্রমণে অসুস্থ ছিলেন কোম্পানি। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও অংশ নিতে পারেননি তিনি। এছাড়া প্রথম দলের কয়েকটি অনুশীলনেও অনুপস্থিত ছিলেন বায়ার্নের এই কোচ।
কোম্পানির শারীরিক অবস্থা নিয়ে বায়ার্নের বোর্ড সদস্য ম্যাক্স ইবার্ল বলেন, তার দ্রুত সুস্থ হয়ে ওঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোচিং স্টাফের ওপর ক্লাবের পূর্ণ আস্থা রয়েছে।
কোম্পানির মাঠে ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইবার্ল। তবে ঠিক কত দিন তাকে বিশ্রামে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নয়।
কোম্পানির অনুপস্থিতিতে রবিবার বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করবেন তার কোচিং স্টাফের সদস্যরা।
/শান্ত/
