ক্যানসারে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের মৃত্যু
চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় আর নেই। শনিবার (২৪ অক্টোবর) অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি।
হৃদয়ের স্বপ্ন ছিলো ক্রিকেটের মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলো মরণব্যাধি ক্যানসার। জীবন বাঁচানোর আশায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে নেওয়া হচ্ছিলো ঢাকায়। গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর।
হৃদয় আক্রান্ত ছিলেন অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ায় (এএমএল)। তাঁর পাশে দাঁড়িয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়। চিকিৎসার ব্যয় মেটাতে ২ প্রতিষ্ঠান থেকেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছিলো।
গত ২ জুলাই বিসিবির কার্যালয়ে হৃদয়ের বাবার হাতে চিকিৎসার জন্য ৫ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবিও চিকিৎসার জন্য একই পরিমাণ অর্থ সহায়তা দিয়েছিলো। আর্থিক সহায়তা ও চিকিৎসার নানা প্রচেষ্টা সত্ত্বেও মৃত্যুর কাছে হার মানতে হলো এই তরুণ ক্রিকেটারকে।
