নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় আলোচনা সভা এবং সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রবিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরদিন ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। তাঁর দাবি, ওই ঘটনার মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের সূচনা হয়েছিলো।
তিনি আরও বলেন, ওই ঘটনার ২ দশক পূর্ণ হতে চললেও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার হয়নি। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
/এমএএইচ/
