রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং অন্যজন কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।
রবিবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ২ জনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই ২ ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন।
এলাকাবাসী তাঁদের পিছু নিয়ে একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় ধানক্ষেত থেকে তাঁদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজন তাঁদের পিটুনি দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আবদুস সবুর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ২ জনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এমএএইচ/
