সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেটে হাম আক্রান্ত ও হাম উপসর্গ নিয়ে ২০০ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শহীদুল ইসলামের ১ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল সাফওয়ান মারা যায়। একই হাসপাতালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মকবুল হোসাইনের ৯ মাস বয়সী ছেলে জিসান আহমদ ও হবিগঞ্জ সদর উপজেলার মিজানুর রহমানের ৩ মাস ২৪ দিন বয়সী ছেলে জায়ান মারা যায়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কারও শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়নি। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৯৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মোট ১,১১৫ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ১৫৮ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫৮ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন এবং সিলেট জেলায় ৪৪২ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৪৩২ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৬৬ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১৭৯ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ২৩ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও ১৯ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
/এমএএইচ/
