কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার আটক
কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট’-এ ভয়াবহ আগুনের ঘটনায় ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে উখিয়া পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভ লাগোয়া রিসোর্টটিতে ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আগুনে প্রাণ হারানো ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৬ জন চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের তৎপরতায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় মিলেছে। পরিচয় শনাক্ত হওয়া নিহত এক পরিবারের সদস্যরা হলেন- ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।
এছাড়া আরও নিহত হয়েছেন ঢাকার আশুলিয়ার ‘স্বপ্নবিলাস নিরিবিলি স্কুল’-এর শিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা (২৯)। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যানুযায়ী, নিহত আরও ২ পর্যটকের নাম জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম। তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
/এমএএইচ/
