যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মন্দা, বড় দরপতন প্রযুক্তি খাতে
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিনিয়োগ ও মুনাফা নিয়ে অনিশ্চয়তায় প্রযুক্তি খাতের শেয়ারে বড় দরপতন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক কম্পোজিট ২ দশমিক ৮৬ শতাংশ কমে ২৫ হাজার ৪ ৩৭ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। গত জুনের পর এক দিনে সূচকটির এটিই ছিলো সবচেয়ে বড় পতন।
বাজার বিশ্লেষকরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রযুক্তি কোম্পানিগুলোর বিশাল অঙ্কের ব্যয় ও আয়ের সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে তুলনামূলক নিরাপদ খাতে ঝুঁকেছেন। একই সঙ্গে মাসের শেষ দিনে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাও এই পতনে ভূমিকা রেখেছে। একই দিন অন্য দুই প্রধান সূচক ডাও জোন্স ১ দশমিক ০৯ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৮২ শতাংশ কমে লেনদেন শেষ করলো।
প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় ধস নেমেছে ইন্টেলের শেয়ারে। চলতি প্রান্তিকের দুর্বল পূর্বাভাসের প্রভাবে কোম্পানিটির দর প্রায় ২৯ শতাংশ কমেছে। পাশাপাশি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডি'র দর প্রায় ১১ শতাংশ, ব্রডকমের ৫ শতাংশ এবং এনভিডিয়া'র শেয়ার ৪ শতাংশ কমেছে। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের শেয়ারদরও ১ শতাংশের বেশি কমেছে, যেখানে প্রতিষ্ঠানটি তাদের প্রত্যাশিত আয় অর্জন করতে ব্যর্থ হয়েছিলো।
শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিনিয়োগ প্রতিষ্ঠান গ্লোবাল্টের বিশ্লেষক কিথ বুকানান বলেছেন, "বাজারের মনোভাব বদলাচ্ছে। গত বছর বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা বেশি ছিলো, কিন্তু এখন কোম্পানিগুলোর ব্যয় ও বিনিয়োগ বাস্তবে কীভাবে আয় তৈরি করবে, তা খতিয়ে দেখা হচ্ছে।"
তবে প্রযুক্তি খাতে দরপতন হলেও নিরাপদ খাত হিসেবে পরিচিত ভোগ্যপণ্য, ওষুধ ও জ্বালানি খাতের কোম্পানি ওয়ালমার্ট, কোকা-কোলা, শেভরন ও এক্সনমোবিলের শেয়ারের দাম বেড়েছে।
//আইই//
