মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ২ প্রতিষ্ঠান ভাঙচুর
ছবি: সংগৃহীত
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর। শনিবার (৩১ অক্টোবর) সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর দুপুরে মিরপুর-১ নম্বর এলাকায় দুটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীদের একাংশ। এই সময় শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ ও পুলিশ-শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
দুপুর ২টার পর শাহ আলী থানাধীন মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। ভাঙচুরের শিকার হয় হিমালয় গার্মেন্টস ও বাগদাদ শপিং কমপ্লেক্স। পুলিশ জানায়, এই সময় ঘটনাস্থলে প্রায় ১২০ থেকে ১৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।
পুলিশ আরও জানায়, হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের প্রথমে সংঘর্ষ হয়। পরে মিরপুর-১০ এলাকা থেকে আসা শ্রমিকদের একটি অংশ প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়। পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সেও ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর-১১ ও আশপাশের এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বর থেকে সরে যান। পরে তাদের একটি অংশ মিরপুর-১ এলাকায় গিয়ে ভাঙচুরে জড়িয়ে পড়ে।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/শান্ত/
