নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় প্রাণ গেলো ১০ জনের
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তারাবা রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এই সময় দোকানপাটে লুটপাটসহ বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বিবিসি ও বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার দুপুরে জুমার নামাজের পর কারিম লামিদো এলাকার বিনারি গ্রামে মোটরসাইকেলে করে হামলা চালায় বন্দুকধারীরা। প্রায় ৪ ঘণ্টা ধরে তাঁদের তাণ্ডব চলে।
পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ১০ জনের মরদেহ উদ্ধার করেন কর্মকর্তারা। পাশাপাশি আশপাশের এলাকায় হতাহতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট ভিক্টর মশেলিজা বিবিসিকে বলেন, পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাজুড়ে টহল শুরু করা হয়। তল্লাশি অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ হামলায় ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশটির উত্তর-পূর্বাঞ্চলে প্রায় দুই দশক ধরে বিদ্রোহ চলছে।
/এমএএইচ/
